করোনা সংক্রমণের প্রশিক্ষণ নেই ৮৬ ভাগ নার্সের: টিআইবি
মেডিভয়েস ডেস্ক: চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বহু ব্যক্তি। দেশের ৮৬ ভাগ নার্সের করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক ‘আইপিসি’ প্রশিক্ষণ নেই। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে ৭৪ দশমিক ৫০ ভাগ দক্ষ জনবলের ঘাটতি রয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের ৫৯ দশমিক ৬০ ভাগ ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ সোমবার (১৫ জুন) ‘করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিবিজিএনএস ও এসএনএসআর নামক নার্সদের দু’টি সংগঠনের জরিপের ভিত্তিতে দুর্নীতিবিরোধী সংগঠনটি এই তথ্য জানিয়েছে।
টিআইবি জানিয়েছে, প্রত্যক্ষভাবে সারা দেশের সকল বিভাগের ৩৮টি জেলা থেকে ৪৭টি হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য নেয়া হয়েছে। এর মধ্যে ৯টি মেডিকেল কলেজ, ৩৩টি উপজেলা পর্যায়ের হাসপতাল, ৫টি অন্যান্য হাসপাতাল রয়েছে।
চিকিৎসা ব্যবস্থার ঘাটতির তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে ৭৪ দশমিক ৫০ ভাগ দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের ঘাটতি রয়েছে ৫৯ দশমিক ৬০ ভাগ, নিন্মমানের নিরাপত্তা সামগ্রী ৫১ দশমিক ১০ ভাগ, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি ৫১ দশমিক ১০ ভাগ, নিরাপত্তা সামগ্রীর ঘাটতি ৩৬ দশমিক ২০ ভাগ, অন্যান্য ১০ দশমিক ৬০ ভাগ এবং কোনো সমস্যা নেই ২ দশমিক ১০ ভাগ।
প্রতিবেদনের তথ্য তুলে ধরে টিআইবি বলেছে, গবেষণার অন্তর্ভুক্ত হাসপাতালগুলোর ২২ দশমিক ২০ ভাগের সকল স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ পেয়েছেন। শুধু চিকিৎসক ও নার্স প্রশিক্ষণ পেয়েছেন ২০ ভাগ হাসপাতালের। শুধু চিকিৎসক প্রশিক্ষণ পেয়েছেন ২০ ভাগ হাসপাতালের।
ফেব্রুয়ারির শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হলেও ‘বাংলাদেশে কোভিড-১৯ এর জন্য জাতীয় প্রস্তুতি ও সাড়া দান পরিকল্পনা’ প্রণয়নে প্রায় দেড় মাস বিলম্ব করা হয়েছে। এর কারণে সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে টিআইবি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪